চট্টগ্রাম থেকে চুরি হওয়া বিপুল গার্মেন্টস কাপড় নোয়াখালীতে উদ্ধার, যুবদল নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা-এ একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ চোরাই গার্মেন্টস কাপড় উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চরবাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন রাজু।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এবং হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর এলাকার আজিম নগর টিনের মসজিদ সংলগ্ন একটি এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় উদ্ধার করা হয়।
তদন্তে জানা গেছে, গত ২৪ এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত ১৬৩টি কাপড়ের বান্ডিল একটি কাভার্ডভ্যানে করে গাজীপুরে পাঠানোর কথা ছিল। তবে পথে চালকের সহায়তায় একটি চক্র সেই মালামাল আত্মসাৎ করে নেয়। পরে এসব কাপড় নোয়াখালী ও হাতিয়ার বিভিন্ন স্থানে ভাগ করে গুদামজাত করা হয়।
অভিযানে চরমজিদ ভূঞারহাট বাজার থেকে ৯৬টি এবং হরণী ইউনিয়ন থেকে ৬৭টি কাপড়ের বান্ডিল উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
তদন্ত সংশ্লিষ্টদের দাবি, স্থানীয় প্রভাবশালী মহলের সম্পৃক্ততা ছাড়া এত বড় পরিমাণ মালামাল পরিবহন ও সংরক্ষণ করা সম্ভব নয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাবিত করে তাদের নাম জড়ানো হচ্ছে।
ডিবি জানায়, এ ঘটনায় মামলার পর গ্রেপ্তারকৃত আবুল বাশারকে আদালতে সোপর্দ করা হবে এবং অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।