গৌরীপুরে আওয়ামী লীগ নেতার দোকান থেকে ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- আপলোডের সময় : Monday, September 14, 2026,

গৌরীপুরে আওয়ামী লীগ নেতার দোকান থেকে ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
আমার সকাল ২৪
ময়মনসিংহ
ময়মনসিংহের গৌরীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতার দোকানের তালা ভেঙে ৩ টনের বেশি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অবৈধভাবে সার মজুতের দায়ে অন্য এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাওহা ইউনিয়নের পালুহাটি বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা।
অভিযুক্ত রফিকুল ইসলাম সুজন উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পালুহাটি বাজারে ‘সুজন এন্টারপ্রাইজ’ নামে কীটনাশক ও সার বিক্রির দোকান পরিচালনা করতেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে সুজনের দোকানে অবৈধভাবে সার মজুতের তথ্য পায় উপজেলা প্রশাসন। সকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে সরে যান সুজন। পরে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৩ টন ২৫ কেজি টিএসপি ও ২৫ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়।
একই সময়ে পালুহাটি বাজারে অবৈধভাবে প্রায় ২ টন সার মজুত রাখার অভিযোগে আতাউর রহমানের দোকানেও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তিনি পালুহাটি গ্রামের মৃত রুকন উদ্দিনের ছেলে। অপরাধ স্বীকার করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, জব্দ করা সারগুলো নকল কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে সারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা জানান, অসাধু উপায়ে সার মজুত ও কৃত্রিম সংকট তৈরির চেষ্টার বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।