গোপালপুরে বিয়ের রাতেই মৃত্যু যুবকের, নববধূর ঘরে শোকের ছায়া
- আপলোডের সময় : Friday, October 9, 2026,

গোপালপুরে বিয়ের রাতেই মৃত্যু যুবকের, নববধূর ঘরে শোকের ছায়া
শিবনাথ চন্দ্র ঘোষ, কালিহাতী উপজেলা প্রতিনিধি
নতুন জীবন শুরুর স্বপ্ন নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন আয়নাল হক (৩৮)। কিন্তু বিয়ের রাতেই তাঁর মৃত্যুতে আনন্দের পরিবেশ মুহূর্তে বিষাদে পরিণত হয়েছে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম। এর আগে বুধবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়িতে ফেরার পর আয়নাল হকের মৃত্যু হয়।
আয়নাল হক বেলুয়া গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি টাঙ্গাইল পৌর শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। পাশাপাশি ছোটখাটো ব্যবসাও করতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার ছিল।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত জুলাই মাসে তাঁর প্রথম স্ত্রী দুই সন্তান, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে এক বন্ধুর সঙ্গে চলে যান বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে দুই সন্তানকে নিয়ে মানসিক চাপ ও কষ্টের মধ্যে দিন কাটছিল আয়নালের। সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে পরিবারের সদস্যরা তাঁকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেন।
পরিবারের সম্মতিতে বুধবার রাতে পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুন (২০)-কে বিয়ে করেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাবার বাড়িতে ফেরেন আয়নাল।
পরিবারের ভাষ্য অনুযায়ী, বাসরঘরে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। হাসপাতালে নেওয়ার প্রস্তুতির আগেই তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।
হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম বলেন, নববধূকে ঘরে তোলার রাতেই এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ঘটনাটি পুরো এলাকাকে শোকাহত করেছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাটি সত্য। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করার মতো তথ্য পাওয়া যায়নি।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।