গেন্ডারিয়ায় গোলাগুলি: বিদেশি অস্ত্র ও মাদকসহ র্যাবের অভিযানে গ্রেপ্তার ৫
- আপলোডের সময় : Thursday, September 10, 2026,

গেন্ডারিয়ায় গোলাগুলি: বিদেশি অস্ত্র ও মাদকসহ র্যাবের অভিযানে গ্রেপ্তার ৫
রাজধানীর গেন্ডারিয়ায় প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) র্যাব-১০-এর অধিনায়ক মো. আসাদুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
র্যাবের অধিনায়ক জানান, গত ৩০ আগস্ট রাজধানীর গেন্ডারিয়ার করাতিটোলা এলাকায় মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। ঘটনার পর র্যাব-১০-এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর সন্ধ্যায় গেন্ডারিয়া থানার মুন্সিরটেক এলাকা থেকে জিসান ও রমজানকে গ্রেপ্তার করা হয়। পরে ৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীন এবং ৯ সেপ্টেম্বর শাবাব হোসেন সৈকত ও মাহিমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, শাবাব হোসেন সৈকতের কাছ থেকে ১২ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ৪২০ পিস ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা, নগদ অর্থ ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, শাবাব হোসেন সৈকত যাত্রাবাড়ী থানার তিনটি মাদক মামলার আসামি।
র্যাব আরও জানায়, উদ্ধার করা তিনটি ম্যাগাজিনের মধ্যে একটি ৫ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন-পরবর্তী সময়ে পুলিশের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদের অংশ হিসেবে শনাক্ত করা হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।