গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ, ভিডিও ভাইরাল
- আপলোডের সময় : Wednesday, October 7, 2026,

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ, ভিডিও ভাইরাল
মোঃ হেলাল হাসান
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে প্রবাসী পরিবারের তিন নারীকে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার পর নিরাপত্তাহীনতায় তারা বাড়ি থেকে বের হতে পারছেন না এবং থানায় অভিযোগ করতেও ভয় পাচ্ছেন।
সোমবার বিকেলে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় গাড়িষাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীদের অভিযোগ। তাদের দাবি, এর আগে তাদের বাড়িতে আটকে রেখে মারধর করা হয় এবং সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
ভুক্তভোগী তিন নারীর মধ্যে একজনের বয়স প্রায় ৬০ বছর, অপরজন তাঁর ৩০ বছর বয়সী মেয়ে এবং তৃতীয়জন ১৫ বছর বয়সী নাতনি। পরিবারের পুরুষ সদস্যরা প্রবাসে থাকায় তারা বাড়িতে বসবাস করেন বলে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, একটি অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের বাড়িতে যান। একপর্যায়ে তাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে প্রায় চার ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে তারা দাবি করেন। এ সময় তাদের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের ভাষ্য, টাকা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতনের মাত্রা বাড়ানো হয়। পরে সন্ধ্যার আগে তাদের গলায় জুতার মালা পরিয়ে এলাকার সড়কে ঘোরানো হয় এবং সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
৬০ বছর বয়সী ওই নারী বলেন, তারা কোনো অন্যায় করে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন এবং গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
৩০ বছর বয়সী আরেক নারী অভিযোগ করেন, তাঁর স্বামী বিদেশে থাকেন এবং তাঁর ১৫ বছর বয়সী মেয়ের বিয়েও হয়েছে। মেয়ের স্বামীও বিদেশে থাকেন। ঘটনার পর নিরাপত্তার কারণে মেয়েকে অন্যত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি। তিনি আরও অভিযোগ করেন, গত ২২ সেপ্টেম্বর যুবদল নেতা জিয়া তাদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিলেন। পরে সোমবার ১৫ থেকে ২০ জনের একটি দল নিয়ে তাদের বাড়িতে গিয়ে মা ও মেয়েকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে অভিযুক্ত যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর হাত ভেঙে যাওয়ার পর গত ১৫ দিন ধরে তিনি বিছানায় রয়েছেন।
জিয়ার বড় ভাই ইয়ারুল সরদার দাবি করেন, তাঁর মেয়েকে ‘কালো জাদু’ করার অভিযোগকে কেন্দ্র করেই ওই পরিবারের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে। তাঁর দাবি, মেয়ের অসুস্থতার ঘটনায় বিভিন্ন জায়গায় চিকিৎসা ও অন্যান্য কাজে প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি নিয়ে ওই নারীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তারা জানতে পারেন।
ইয়ারুল সরদার আরও জানান, প্রায় দুই মাস আগে মেয়ের অসুস্থতার ঘটনায় ওই নারীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছিলেন তিনি। তবে তিন নারীকে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর ঘটনায় তাদের পরিবারের ভূমিকা নেই বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, মহল্লার লোকজনই ওই ঘটনা ঘটিয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁর নজরে আসার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ না করায় এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।