
জিহাদুল ইসলাম (জিহাদ)
বিশেষ প্রতিনিধি, ঢাকা
ঢাকার গাবতলি বাস টার্মিনালে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ’র ইন্সপেক্টর জেনারেল মোঃ আলী হোসেন ফকির এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০:৪৫ ঘটিকায় টার্মিনাল পরিদর্শনকালে আইজিপি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি উল্লেখ করেন, প্রতি বছর ঈদযাত্রার সময় যাত্রীদের দীর্ঘ যানজট ও ভোগান্তির মুখোমুখি হতে হয়। তবে এ বছর ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আইজিপি আরও বলেন, যাত্রীদের যেন কোনো ধরনের হয়রানি, অতিরিক্ত টিকিট মূল্য আদায় বা অযাচিত যানজট ও ব্লকেডের সম্মুখীন হতে না হয়, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি করছে।
ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মোঃ সরওয়ার জানান, টার্মিনাল এলাকায় যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।
পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।