
খেয়া নৌকায় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের প্রায় ৭ লাখ টাকা ছিনতাই
স্টাফ রিপোর্ট | জাতীয় আমার সকাল পত্রিকা
সৈয়দ বিশাল, পলাশবাড়ী (গাইবান্ধা)
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর এলাকায় খেয়া নৌকায় ফেরার পথে ব্র্যাকের দুই কর্মীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় নৌকায় থাকা অন্যান্য যাত্রীদের ব্যবহৃত মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে চরাঞ্চল থেকে সঞ্চয়ের টাকা সংগ্রহ শেষে ব্র্যাকের দুই কর্মী খেয়া নৌকাযোগে ফিরছিলেন। নৌকাটি মাঝনদীতে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত চাইনিজ কুড়াল প্রদর্শন করে যাত্রীদের ভয়ভীতি দেখায়। পরে ব্র্যাক কর্মীদের কাছে থাকা প্রায় ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে নৌকায় থাকা অন্যান্য যাত্রীদের মোবাইল ফোনও লুট করে তারা।
ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।