কেশবপুরে দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা, ১০২ মণ্ডপে হবে পূজা
- আপলোডের সময় : Friday, October 9, 2026,

কেশবপুরে দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা, ১০২ মণ্ডপে হবে পূজা
এম. সোহেল মেহেদী, কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কেশবপুর জোনাল অফিসের ডিজিএম আব্দুর রব এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুজিবর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
সভায় জানানো হয়, এবার কেশবপুর উপজেলায় ১০২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি পূজামণ্ডপে আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি পূজা শুরুর আগেই পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা মিথ্যা তথ্য ছড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক সেবন, ইভটিজিংসহ যেকোনো অপ্রীতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
এ ছাড়া আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখা এবং সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে পূজাকালীন নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে বলে সভায় জানানো হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান।
সভায় উপজেলা ও পৌর বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, পূজা উদ্যাপন পরিষদ, পূজা উদ্যাপন ফ্রন্ট, প্রেসক্লাব, গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।