কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম
- আপলোডের সময় : Sunday, October 4, 2026,

কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম
এম সোহেল মেহেদী
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার রেজাকাটি গ্রামে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা গ্রামের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, রাতে এলাকায় পাহারার সময় ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কৌশলে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে শাটার ও ঘরের তালা কাটার সরঞ্জাম, চেতনানাশক ওষুধ, হলুদের গুঁড়া এবং অন্যান্য সরঞ্জাম পাওয়া যায় বলে দাবি করেন তারা।
খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য নুরনবী সামদানি ঘটনাস্থলে গিয়ে কেশবপুর থানা-পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, এর আগেও রেজাকাটি এলাকায় চেতনানাশক ব্যবহার করে কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ কারণে ডাকাতির আতঙ্কে দীর্ঘদিন ধরে স্থানীয়রা রাত জেগে পাহারা দিয়ে আসছেন।
আটক ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং উদ্ধার হওয়া সরঞ্জামগুলো কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো, তা তদন্ত করে দেখছে পুলিশ।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।