
জুবায়ের খান প্রান্ত, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল একটি তাজা প্রাণ। সোমবার সকালে দবির মোল্লা গেইট ও লাহিনীপাড়া মোড়ের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে কুমারখালী উপজেলার শিলাইদহের উদ্দেশ্যে যাত্রা করা একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী মোঃ আজিম উদ্দিন (৩৭), পিতা: আবু মুসা, গ্রাম: লালা দাড়ি, শিলাইদহ-৭০১০, কুমারখালী, কুষ্টিয়া—ঘটনাস্থলেই ইন্তেকাল করেন।
এদিকে দুর্ঘটনায় ভ্যানে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।