কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বলগেট আটক; জরিমানা ৪ লাখ টাকা
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বলগেট আটক; জরিমানা ৪ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে অনুমোদিত এলাকার বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ড্রেজার ও দুটি বলগেট নৌকা আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়ন সংলগ্ন কুশিয়ারা নদীর এতবারপুর মৌজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের এসআই ওমর ফারুক, উপজেলা ভূমি অফিসের সহকারী ফারুক আহমদ এবং পাইলগাঁও-রানীগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) সেলিম মিয়া উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, এতবারপুর মৌজা এলাকায় অনুমোদিত বালুমহালের বাইরে একটি ড্রেজার ও দুটি বলগেট নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনরত অবস্থায় ড্রেজার ও বলগেট নৌকাগুলো আটক করা হয়। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতে ব্যবস্থা নেওয়া হয়। আদালত তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে নদীভাঙন, পরিবেশের ক্ষতি এবং তীরবর্তী এলাকার নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, অনুমোদিত এলাকার বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।