
ফরহাদ হোসেন রাজ
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে যুব মহিলাদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নারী উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে পাটপণ্যভিত্তিক হস্তশিল্প ওরিয়েন্টেশন এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের মনিপুরঘাট কাটাখালী রোডে অবস্থিত কাইডস্ যুব মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আল-আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন।
কাইডস্ যুব মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি লিপি রানী দাস নিশির সভাপতিত্বে এবং তাসলিমা আক্তার স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক সারওয়ার জাহান, ফরহাদ হোসেন রাজ, জুনায়েদ হোসেন জুয়েল ও শরীফুল ইসলাম।
আলোচনা সভায় পাটপণ্য উৎপাদন, বাজারজাতকরণ, পণ্যের গুণগত মান উন্নয়ন এবং দক্ষ নারী উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, পরিবেশবান্ধব পাটজাত পণ্যের দেশ-বিদেশে চাহিদা দিন দিন বাড়ছে। নারীদের পাটভিত্তিক হস্তশিল্পে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা গেলে তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের পাটশিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি মো. আবুল কালাম ভূঁইয়া প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ছবির ক্যাপশন:
কিশোরগঞ্জে কাইডস্ যুব মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত পাটপণ্যভিত্তিক হস্তশিল্প ওরিয়েন্টেশন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন আয়োজকরা।