
মঙ্গলবার (৩ জুন) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল করিম মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকার আব্দুল ওহাবের ছেলে।
বিষয়টি মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেছেন মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু।
স্থানীয় সূত্র ও ইউপি চেয়ারম্যান জানান, মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গড়েরপাড় এলাকার মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে পাঁচ ভাইয়ের সঙ্গে অপর ভাই আমিন উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে আমিন উদ্দিনের শ্যালক আব্দুল ওহাবের ছেলে আব্দুল করিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে।
মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন, “দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত আব্দুল করিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “ভাইয়ে-ভাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”