কালিহাতীতে ট্রাকচালককে কুপিয়ে হত্যা, ছিনতাইয়ের ঘটনায় আটক ২
- আপলোডের সময় : Monday, October 5, 2026,

কালিহাতীতে ট্রাকচালককে কুপিয়ে হত্যা, ছিনতাইয়ের ঘটনায় আটক ২
কালিহাতী উপজেলা প্রতিনিধি: শিবনাথ চন্দ্র ঘোষ
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্রের আঘাতে রাজীব হোসেন (২৯) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মিন্টু (৩২) ও ফারুক নামে দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজীব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন রাজীব। ভোরে এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে প্রয়োজনীয় কাজে তিনি নিচে নামেন। এ সময় একদল ছিনতাইকারী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ।
একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রাজীবকে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়।
রাজীবের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে স্থানীয়রা মিন্টু নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ফারুক নামে আরও একজনকে আটক করে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মিন্টু ও ফারুককে আটক করা হয়েছে। ঘটনার কারণ এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।