কপিলমুনিতে নিজ মেয়েকে ত্যাজ্য ঘোষণা করলেন পিতা
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

কপিলমুনিতে নিজ মেয়েকে ত্যাজ্য ঘোষণা করলেন পিতা
মো. বিল্লাল হোসেন
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অবাধ্যতা ও পারিবারিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিজ মেয়েকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক পিতা।
উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের মো. মহাসীন খাঁন গত ৩০ আগস্ট পাইকগাছা নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে তার মেয়ে ইসরাত জাহান মুন্নিকে ত্যাজ্য ঘোষণা করেন। এফিডেভিটের রেজিস্ট্রি নম্বর ২৮১ এবং তারিখ ৩০ আগস্ট ২০২৬।
এফিডেভিট সূত্রে জানা যায়, মেয়েকে বিভিন্ন সময়ে সংশোধন ও নিয়ন্ত্রণের চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এবং পারিবারিক সম্মান ও সামাজিক অবস্থান রক্ষার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষণাপত্রে বলা হয়েছে, এ ঘোষণার পর থেকে ইসরাত জাহান মুন্নির সঙ্গে পিতা বা পরিবারের কোনো ধরনের সম্পর্ক থাকবে না। ভবিষ্যতে তাকে কন্যা হিসেবে স্বীকার করবেন না বলেও উল্লেখ করা হয়েছে।
এছাড়া ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, ইসরাত জাহান মুন্নি তার পিতার স্থাবর-অস্থাবর সম্পত্তিতে কোনো দাবি করতে পারবেন না। তার মৃত্যুর পর মেয়ের বা তার কোনো উত্তরাধিকারীর পক্ষ থেকেও সম্পত্তির ওয়ারিশ দাবি করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলে ঘোষণাপত্রে দাবি করা হয়েছে।
ঘোষণাপত্র অনুযায়ী, মহাসীন খাঁন জীবদ্দশায় মেয়ের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা বাক্যালাপ করবেন না বলেও উল্লেখ করেছেন।
এতে আরও বলা হয়েছে, ত্যাজ্য ঘোষণার পর জোরপূর্বক বাড়িতে প্রবেশ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করা হলে তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয় হতে পারে। একই সঙ্গে মেয়ের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ভার তিনি বা তার পরিবার বহন করবেন না বলেও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে ইসরাত জাহান মুন্নির বক্তব্য জানা যায়নি।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।