কক্সবাজারে বিশেষায়িত ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি’ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

কক্সবাজারে বিশেষায়িত ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি’ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার
কক্সবাজারে বিশেষায়িত ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (UBEST) প্রতিষ্ঠার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বোরি) বিদ্যমান অবকাঠামো ও ল্যাবরেটরি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রশাসনিক নথি সূত্রে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীকে লেখা এক আধা-সরকারি পত্রে বঙ্গোপসাগরের সম্পদ কাজে লাগাতে ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনৈতিক খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাবটিতে সম্মতি দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে বলা হয়, একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় নতুন করে প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহণ ও ভবন নির্মাণে অন্তত পাঁচ থেকে সাত বছর সময় লাগতে পারে। এতে বিপুল অর্থও ব্যয় হবে। এ কারণে রামু-টেকনাফ সড়কসংলগ্ন বোরির বিদ্যমান গবেষণা কেন্দ্র, ল্যাবরেটরি, তথ্যভাণ্ডার ও বৈজ্ঞানিক জনবল কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা কোর্স চালুর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বিষয়গুলোর মধ্যে রয়েছে সমুদ্রবিজ্ঞান ও সামুদ্রিক তথ্যপ্রযুক্তি, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ ও উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র পর্যটন ও হসপিটালিটি ম্যানেজমেন্ট।
এদিকে কক্সবাজারে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খবরে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কাশেম বলেন, কক্সবাজারে সমুদ্র গবেষণাধর্মী একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি দীর্ঘদিনের। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় কক্সবাজারবাসী একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছে—এটি আনন্দের ও খুশির খবর।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।