এল ক্লাসিকোর রেফারি নিয়ে রিয়াল শিবিরে স্বস্তি
- আপলোডের সময় : Thursday, October 8, 2026,

এল ক্লাসিকোর রেফারি নিয়ে রিয়াল শিবিরে স্বস্তি
বার্সেলোনা ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মধ্যকার বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো ঘিরে ম্যাচের আগেই শুরু হয়েছে রেফারিং নিয়ে আলোচনা। স্প্যানিশ রেডিও চ্যানেল ‘রেডিও মার্কা’ খবর প্রকাশ করেছিল, আগামী ২৫ অক্টোবর রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া হাই-ভোল্টেজ ম্যাচে বাঁশি বাজাবেন বিতর্কিত রেফারি আলেহান্দ্রো এরনান্দেস। তবে সাম্প্রতিক তথ্যে জানা গেছে, বিষয়টি এখনো নিশ্চিত নয়।
রেফারিং বিশ্লেষণে বিশেষায়িত অ্যাকাউন্ট ‘আর্কাইভ ভিএআর’ রেডিও মার্কার ওই প্রতিবেদন নাকচ করে দিয়েছে। তাদের দাবি, ঐতিহ্যবাহী এই লড়াইয়ের জন্য আলেহান্দ্রো এরনান্দেসকে বিবেচনায় রাখা হয়নি।
লা লিগা ও দ্বিতীয় বিভাগের ম্যাচে রেফারিদের পারফরম্যান্স মূল্যায়ন করা এই সংস্থার সঙ্গে স্প্যানিশ রেফারি কমিটির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানানো হয়েছে। তারা জানিয়েছে, এল ক্লাসিকোর রেফারি নিয়োগের বিষয়ে নিয়োগ কমিটির আনুষ্ঠানিক বৈঠক এখনো অনুষ্ঠিত হয়নি। ফলে ম্যাচটির চূড়ান্ত রেফারির নাম এখনো জানা যায়নি।
অন্যদিকে, কাতালান দৈনিক ‘স্পোর্ট’ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এবার রেফারি নিয়োগের ক্ষেত্রে নতুন নীতি গ্রহণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর ঠিক ২৪ ঘণ্টা আগে রেফারির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
ক্যানারি দ্বীপপুঞ্জে জন্ম নেওয়া আলেহান্দ্রো এরনান্দেসের এল ক্লাসিকো পরিচালনার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর রিয়াল মাদ্রিদ সমর্থক ও গণমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। ক্যারিয়ারে এখন পর্যন্ত ছয়টি এল ক্লাসিকো পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে বার্সেলোনা জয় পেয়েছে তিনটিতে, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে একটিতে।
তবে ‘স্পোর্ট’-এর বিশ্লেষণ অনুযায়ী, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযোগ ও আপত্তি উঠলেও বিতর্কিত সিদ্ধান্তগুলোর হিসাব করলে দুই দলের ক্ষেত্রেই আলোচিত কিছু ঘটনা রয়েছে।
২০১৭ সালের ২৩ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার ৩-২ গোলের জয় ছিল অন্যতম আলোচিত এল ক্লাসিকো। ম্যাচের ৯৩তম মিনিটে লিওনেল মেসি গোল করে নিজের জার্সি তুলে ধরে উদযাপন করেন। ওই ম্যাচে মার্সেলোর কনুইয়ের আঘাতে মেসি মুখে চোট পান। এছাড়া হলুদ কার্ড থাকা অবস্থায় পাল্টা আক্রমণ থামাতে কাসেমিরো ফাউল করেও দ্বিতীয় হলুদ কার্ড না পাওয়ায় বিতর্ক তৈরি হয়।
পরের বছর ২০১৮ সালে ক্যাম্প ন্যুতে ২-২ গোলে ড্র হওয়া এল ক্লাসিকোতেও রেফারি ছিলেন এরনান্দেস। ওই ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে এগিয়ে দেওয়া মেসির দ্বিতীয় গোলের আগে ফাউল হয়েছিল বলে অভিযোগ ওঠে। এছাড়া ডি-বক্সের ভেতর মার্সেলোর ওপর জর্দি আলবার ফাউলের অভিযোগেও পেনাল্টি না দেওয়ায় রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়।
২০২৫ সালে মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এল ক্লাসিকোও বিতর্কের বাইরে ছিল না। ম্যাচে ৪-৩ গোলে জয় পায় বার্সেলোনা। ওই ম্যাচে পেনাল্টি বক্সের ভেতর অরেলিয়েন চুয়ামেনির হ্যান্ডবলের অভিযোগে রেফারির সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। এরনান্দেস খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলে বার্সেলোনা সমর্থকদের একাংশ প্রতিবাদ জানায়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।