একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজিত রাখা হয়েছে: রহনপুরে শিবির সভাপতি সাদ্দাম
- আপলোডের সময় : Monday, October 5, 2026,

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজিত রাখা হয়েছে: রহনপুরে শিবির সভাপতি সাদ্দাম
মুহঃ কাওসার আলী, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “আমাদের সবসময় একাত্তরের চেতনার কথা শেখানো হয়। এই চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। জাতি যেন সামনে এগিয়ে যেতে না পারে, সে জন্য পেছন থেকে টেনে ধরার চেষ্টা করা হচ্ছে।”
রোববার (৪ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “অন্য কোনো জাতিকে কি যুদ্ধ-বিগ্রহের মধ্য দিয়ে যেতে হয়নি? ১৯৪৫ সালে জার্মানির অবস্থা কি এমন ছিল না? সোভিয়েত ইউনিয়ন কি ভেঙে খান খান হয়ে যায়নি? তারপরও তারা ঘুরে দাঁড়িয়েছে। এখন বিশ্বকে চ্যালেঞ্জ করছে। কারণ তারা জাতিকে বিভক্ত করেনি।”
তিনি আরও বলেন, “আমি এ দেশে জন্মগ্রহণ করেছি, এ দেশের আলো-বাতাসে বেড়ে উঠেছি। আমাকে বলা হয়, ১৯৯০ সালের পরে জন্মগ্রহণ করলেও আমি রাজাকার, আলবদর, আলশামস কিংবা গুপ্ত। আমাকে হত্যা করা হবে, দেশ থেকে বের করে দেওয়া হবে। অথচ এ দেশেই আমার জন্ম। আমি কর দিই, দেশ ও জাতিকে নিয়ে ভাবি। আমি দুর্নীতি করি না, মানুষের সম্পদ লুট করি না, চাঁদাবাজি-টেন্ডারবাজি করি না। তারপরও আমাকে রাজাকার বলা হয়।”
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময় জন্ম না হলেও চেতনায় রাজাকার বলা হচ্ছে। জাতিকে সামনে এগিয়ে যেতে না দেওয়ার এটি অন্যতম কারণ। গত ৫৫ বছরে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ার পেছনে এটিও একটি কারণ।”
চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শিবিরের সভাপতি মোহা. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ হোসাইন আহমদ মেহদী, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মেহেদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম আহমেদ, রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শিবির ও জামায়াতের নেতৃবৃন্দ।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।