
কুড়িগ্রামের উলিপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে জামায়াত মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বিএনপি ও ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীর নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলায় অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান ও আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি সুমন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল হোসেন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি আলহাজ নুর মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল হোসেন, কর্মী নবাব আলী, এরশাদুল হকসহ আরও অনেকে।
নবাগত নেতাকর্মীরা জানান, দীর্ঘ চিন্তা-ভাবনা ও বাস্তব অভিজ্ঞতার আলোকে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের মতে, ইসলামী আদর্শভিত্তিক নৈতিক রাজনীতির মাধ্যমে জামায়াতে ইসলামী দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্যে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ সব বয়সী মানুষের জামায়াতে যোগদানের প্রবণতা দিন দিন বাড়ছে। এতে আমাদের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।” তিনি সবাইকে সঙ্গে নিয়ে ‘ইনসাফের উলিপুর’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।