উত্তাল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, বরগুনার ১৪ জেলে নিখোঁজ
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

উত্তাল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, বরগুনার ১৪ জেলে নিখোঁজ
তালতলী প্রতিনিধি | এইচ বি সুমন আলী
বৈরী আবহাওয়ার কবলে পড়ে উত্তাল বঙ্গোপসাগরে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জেলে নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে অভিযান শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় ‘এফবি বরকত’। সোমবার সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
পরে কাছাকাছি থাকা পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলারের জেলেরা সাগরে ডুবে যাওয়া ট্রলারটি দেখতে পান এবং বিষয়টি মালিকপক্ষকে জানান। তবে ট্রলারে থাকা ১৪ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ডুবে যাওয়া ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি। নিখোঁজ জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার খবর তারা অপর একটি ট্রলারের জেলেদের কাছ থেকে পেয়েছেন। খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।