ইমরানের কারাবন্দি জীবন নিয়ে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের উদ্বেগ
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

ইমরানের কারাবন্দি জীবন নিয়ে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের উদ্বেগ
ক্রীড়া প্রতিবেদক
আমার সকাল ২৪
ঢাকা
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দি জীবন নিয়ে গভীর মানবিক উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাত সাবেক অধিনায়ক। কারাগারে ইমরানের স্বাস্থ্যসেবা ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াংকে চিঠি দিয়েছেন তারা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যালান বর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ।
চিঠিতে সাবেক অধিনায়কেরা বলেন, কোনো কূটনৈতিক বা রাজনৈতিক উদ্দেশ্যে নয়, সাবেক অধিনায়ক হিসেবে মানবিকতার তাগিদেই তারা বিষয়টি নিয়ে কথা বলছেন। ইমরান খানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে তাদের কোনো অবস্থান নেই এবং এটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। তবে যেকোনো বন্দির সঙ্গে মানবিক আচরণ করা মৌলিক বিষয় বলে তারা উল্লেখ করেন।
এর আগে গত ২৩ আগস্ট বিশ্বের ২২ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দেন। সেখানে ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী নিজস্ব চিকিৎসকদের মাধ্যমে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা, পরিবারের সদস্যদের নিয়মিত সাক্ষাতের সুযোগ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়।
ইমরানের স্বজনেরা দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্য, আইনি সহায়তা না পাওয়া এবং পরিবার থেকে বিচ্ছিন্ন রাখার বিষয়ে অভিযোগ করে আসছেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মইন খানের পাশাপাশি বর্তমান অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সও এ বিষয়ে কথা বলেছেন।
ইমরানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াংয়ের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছিলেন গ্রেগ চ্যাপেল। তবে এ বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।