আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন যুবককে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেপ্তারে অভিযান
- আপলোডের সময় : Sunday, September 6, 2026,

আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন যুবককে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেপ্তারে অভিযান
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন এক যুবককে লাঠি দিয়ে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ওই যুবককে রাস্তায় ফেলে মারধর করতে দেখা যায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় ঘটনাটি ঘটে। পরদিন শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।
নির্যাতনের শিকার যুবকের নাম লিটন। তিনি ওই এলাকার আলী হোসেনের ছেলে। স্থানীয়দের কাছে ‘লিটন পাগলা’ নামে পরিচিত লিটন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় মানুষের কাছে খাবার চেয়ে জীবনযাপন করে আসছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দিনের কোনো একসময় লিটন স্থানীয় সুমনের মায়ের কাছে ভাত চান। এ সময় লিটন তাঁর মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছেন বলে অভিযোগ করেন সুমন। এর জের ধরে রাতে একটি দোকানের সামনে লিটনকে মারধর করা হয় বলে স্থানীয়রা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি লিটনকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারধর করছেন। এ সময় লিটনকে বাঁচার জন্য আকুতি জানাতেও দেখা যায়।
স্থানীয়দের দাবি, লিটনের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলেও অভিযুক্তের ভয়ে কেউ তাঁকে বাধা দেওয়ার সাহস করেননি। পরে গুরুতর আহত অবস্থায় লিটনকে হাসপাতালে নেওয়া হয়।
লিটনের পরিবারের দাবি, হামলায় তাঁর একটি হাত ও দুটি পা ভেঙে গেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুজেল হোসেন বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “তাঁর আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা শেষে তাঁরা থানায় অভিযোগ করবেন। এরই মধ্যে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।”



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।