
মিনহাজ উদ্দীন
আলীকদম উপজেলা প্রতিনিধি:
আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবু মাঝিপাড়া এলাকায় পুকুরে ডুবে যাওয়া মাইমুনা (৩) নামে এক শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা জাবের আহমদের মেয়ে মাইমুনা আজ বিকেল প্রায় ৫টার দিকে বাড়ির পাশে মসজিদ সংলগ্ন একটি পুকুরে অসাবধানতাবশত পড়ে যায়। কিছুক্ষণ পর পানিতে ভাসতে দেখে এলাকার বাসিন্দা মাহবুব আলমসহ স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করেন।
পরে তাৎক্ষণিকভাবে তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক ডা. শফিউলসহ দায়িত্বরত চিকিৎসকরা প্রায় ৪০ মিনিট ধরে নিবিড় চিকিৎসাসেবা প্রদান করেন। একপর্যায়ে শিশুটির জ্ঞান ফিরে আসে।
বর্তমানে শিশুটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও শিশুটি সুস্থতার পথে থাকায় পরিবার ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।