সংবাদ: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোববার (১২ জুলাই) মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে ঘিরে সমর্থকদের উত্তেজনার মধ্যেই সম্ভাব্য ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার।
২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে করা বিশ্লেষণে স্পষ্টভাবে ফেবারিট হিসেবে এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকে। অপ্টার তথ্য অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭.১ শতাংশ।
অন্যদিকে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮.৭ শতাংশ। এছাড়া ২৪.২ শতাংশ ক্ষেত্রে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে লড়াই গড়াতে পারে অতিরিক্ত সময়ে।
শুধু ম্যাচের ফলই নয়, সেমিফাইনালে ওঠার সম্ভাবনাতেও এগিয়ে রয়েছে লিওনেল স্কালোনির দল। সুপার কম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, শেষ চারে জায়গা করে নিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকার সম্ভাবনা আর্জেন্টিনার ৬৯.৪ শতাংশ।
অন্যদিকে সুইজারল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা দেখানো হয়েছে ৩০.৬ শতাংশ। তারা জিতলে শেষ চারে ইংল্যান্ড বা নরওয়ের মুখোমুখি হবে।
তবে ফুটবল অনিশ্চয়তার খেলা। পরিসংখ্যান আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও নকআউট পর্বে একটি মুহূর্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র। তাই মাঠের লড়াইয়েই নির্ধারিত হবে কে জায়গা করে নেবে বিশ্বকাপের সেমিফাইনালে।