
বরগুনা, আমতলী: বরগুনার আমতলী উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশ দুই দিনব্যাপী ভ্যালু ভাউচারের মাধ্যমে ঈদ সামগ্রী বিতরণ করেছে। এই কর্মসূচিতে হলদিয়া ও আঠারগাছিয়া ইউনিয়নের ৫৩২টি সুবিধাবঞ্চিত পরিবার উপকৃত হয়েছে।
প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা সমমূল্যের ভ্যালু ভাউচার প্রদান করা হয়, যা ১৭ ও ১৮ মার্চ ‘স্বপ্ন’ সুপারশপ আউটলেটে বাস্তবায়িত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. সাখাওয়াত শান্তসহ অন্যান্য কর্মকর্তারা।
ইসলামিক রিলিফ জানায়, ভ্যালু ভাউচার পদ্ধতির মাধ্যমে সুবিধাভোগীরা তাদের প্রয়োজন অনুযায়ী খাদ্যসামগ্রী বেছে নিতে পারছে, যা তাদের ঈদের আনন্দ এবং আত্মমর্যাদা দুটোই বাড়াচ্ছে। স্থানীয়রা মনে করেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের জন্য সহায়ক হওয়ার পাশাপাশি তাদের আত্মসম্মান বজায় রাখতেও গুরুত্বপূর্ণ।