আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর মঠবাড়িয়ায় ওয়ার্ড বিএনপি নেতা বহিষ্কার
- আপলোডের সময় : Thursday, September 3, 2026,

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর মঠবাড়িয়ায় ওয়ার্ড বিএনপি নেতা বহিষ্কার
স্টাফ রিপোর্টার | মো. নাইম
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতা হলেন মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মামুন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে মেহেদী হাসান মামুনকে সব ধরনের দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পৌর ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নেতার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। ভিডিওটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান বলেন, দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রকাশ্যে আসার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।










