আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- আপলোডের সময় : Tuesday, October 6, 2026,

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
মোঃ আব্দুস ছালাম
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় এবং আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সোভান, অধ্যক্ষ গোলাম কিবরিয়া, সুপার আবুল হোসেন, সহকারী শিক্ষক তপন কুমারসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, শিক্ষকরাই জাতির মেরুদণ্ড ও সমাজ পরিবর্তনের প্রধান কারিগর। একটি উন্নত, সমৃদ্ধ ও আদর্শ জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাদের পেশাগত মানোন্নয়ন, মর্যাদা রক্ষা এবং সঠিক মূল্যায়ন নিশ্চিত করা সবার দায়িত্ব। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসন সবসময় শিক্ষকদের সার্বিক কল্যাণে পাশে থাকবে।
আলোচনা সভায় আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাসহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।