আখাউড়ার বাউতলা সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাউতলা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত শাড়ির সংখ্যা ৯৫৩ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বিজিবি-৬০ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব শাড়ি উদ্ধার করে। সীমান্তের একটি মাঠের পাশে পরিত্যক্ত অবস্থায় শাড়িগুলো মজুদ ছিল বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
জব্দকৃত শাড়িগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।