অ্যাটর্নি অফিসের ২৬৫ জনের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট - আমার সকাল ২৪ |
|
|
|
|
|
ব্রেকিং নিউজ:
অ্যাটর্নি অফিসের ২৬৫ জনের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Wednesday, August 5, 2026,
অ্যাটর্নি অফিসের ২৬৫ জনের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
অ্যাটর্নি অফিসের ২৬৫ জনের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
রাজনৈতিক বিবেচনায় সুপ্রিম কোর্টে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া ২৬৫ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলের (এএজি) নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
একই রিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় মিছিল, সভা-সমাবেশ, শোডাউন, মাইকিং ও রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করার নির্দেশনাও চাওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এবং তার কার্যালয়ের অধীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, মেধা, যোগ্যতা ও পেশাগত দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত। তবে রাজনৈতিক বিবেচনায় বিপুলসংখ্যক আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে এসব নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
এ ছাড়া দেশের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান হিসেবে সুপ্রিম কোর্টের স্বাধীনতা, মর্যাদা ও স্বাভাবিক বিচারিক পরিবেশ বজায় রাখতে আদালত প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় মিছিল, মিটিং, শোডাউন, মাইকিং এবং রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে গত ৩০ জুলাই আগের সব নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেওয়া হয়।
আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের জিপি-পিপি শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন।