
বিশ্বকাপ শুরুর আগেই অন্যতম শিরোপা দাবিদার হিসেবে আলোচনায় ছিল স্পেন। নকআউট পর্বে সেই মর্যাদার যথার্থ প্রমাণ রেখে শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ, আক্রমণের ধার এবং সুযোগ তৈরিতে আধিপত্য বিস্তার করে স্পেন। একের পর এক আক্রমণে অস্ট্রিয়ার রক্ষণকে চাপে রাখলেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৬ মিনিট পর্যন্ত।
এর আগে কর্নার থেকে পাওয়া বলে মার্ক কুকুরেয়ার জোরালো শট জালে জড়ালেও সেটি বাতিল করেন রেফারি। কর্নারের সময় স্পেনের এক খেলোয়াড় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন বলে ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করা হয়।
তবে বেশিক্ষণ স্পেনকে আটকে রাখতে পারেনি অস্ট্রিয়া। ম্যাচের ৩৬তম মিনিটে কুকুরেয়ার নিখুঁত পাস থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও শ্লাগারের দুর্দান্ত সেভ এবং একবার পোস্টে বল লাগায় ব্যবধান আর বাড়াতে পারেনি স্পেন।
বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে লা রোজারা। ম্যাচের ৬৬তম মিনিটে আলেক্স বায়েনার দারুণ ক্রসে দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার পেদ্রো পোরো।
দুই গোলের লিড পাওয়ার পরও আক্রমণ থামায়নি স্পেন। ম্যাচের ৮৯তম মিনিটে আবারও কুকুরেয়ার অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ওইয়ারসাবাল। বিশ্বকাপে এটি স্প্যানিশ এই ফরোয়ার্ডের চতুর্থ গোল।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন। দাপুটে এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপ শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল ইউরোপের পরাশক্তিরা।