অবৈধ বালু উত্তোলন বন্ধে দুই গ্রামের বাসিন্দাদের মানববন্ধন
- আপলোডের সময় : Thursday, September 10, 2026,

অবৈধ বালু উত্তোলন বন্ধে দুই গ্রামের বাসিন্দাদের মানববন্ধন
লোকমান আহমেদ
গোয়াইনঘাট, সিলেট প্রতিনিধি, আমার সকাল ২৪
সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতির পাড়া-খাওইউড়া সংলগ্ন নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উত্তর হাতির পাড়া-খাওইউড়া সংলগ্ন নদীর তীরে ‘হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসী’র যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পুকাশ ও হাতির পাড়া গ্রামের ভুক্তভোগী বাসিন্দা ও কৃষকেরা অংশ নেন।
স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবজল, সয়ফুল, হামিদ ও ফারুকের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে নিয়মনীতি উপেক্ষা করে দিনরাত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে আসছে। তাদের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন তীব্র হয়ে হাতির পাড়া ও পুকাশ গ্রামের শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।
বক্তারা বলেন, দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে দুই গ্রামের বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ইউপি সদস্য মাসুক আহমদ বলেন, ‘অবৈধ বালু খেকোদের আগ্রাসনে আমাদের এলাকার কৃষকেরা আজ দিশেহারা। ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সাধারণ মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে ড্রেজার মেশিন দিয়ে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক এবং এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন স্থানীয় মুরব্বি ও সমাজসেবক আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম, ইজ্জত উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তারা গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।