অবশেষে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান!
- আপলোডের সময় : Wednesday, October 14, 2026,

অবশেষে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান!
আমার সকাল ২৪ ডেস্ক
বয়স ৬০ বছর। জীবনের এই পর্যায়ে এসে কি নিজের সন্তানের অভাব অনুভব করছেন বলিউড অভিনেতা সালমান খান? সম্প্রতি তাকে ঘিরে এমনই আলোচনা শুরু হয়েছে। প্রযোজক ও পরিচালক করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে অতিথি হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। সেখানেই নাকি বাবা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই অভিনেতা।
অনুষ্ঠানে সালমানকে প্রশ্ন করা হয়, নিজের সন্তান না থাকার অভাব তিনি অনুভব করেন কি না। জবাবে তিনি সন্তান চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। পাশাপাশি পরিবার, মানসিক নির্ভরতা এবং জীবনে একজন জীবনসঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল দীর্ঘদিনের। রোমানীয় গায়িকা ও অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন রয়েছে। পরিবারের বিভিন্ন অনুষ্ঠানসহ একাধিক জায়গায় তাদের একসঙ্গে দেখা যাওয়ায় এ আলোচনা আরও জোরালো হয়েছে। তবে সম্পর্কের বিষয়ে তাদের কেউই প্রকাশ্যে স্পষ্ট কোনো বক্তব্য দেননি।
‘কফি উইথ করণ’-এর নতুন সিজন ঘিরেও তৈরি হয়েছে আলোচনা। প্রচার ঝলকে সালমানকে রসিকতা করে বলতে শোনা যায়, ‘কফি উইথ করণ’-এর পর হবে ‘কফি উইথ সালমান’। তার এ মন্তব্যে হেসে ওঠেন করণ জোহর।
অনুষ্ঠানে করণ সালমানকে ব্যক্তিগত একটি প্রশ্নও করেন। তিনি জানতে চান, সালমান এখনো কুমার কি না। প্রশ্নের জবাবে মজার ছলে অভিনেতা বলেন, ‘সংযত হও ভাই, সংযত হও।’ দুই তারকার কথোপকথনে হাসি-ঠাট্টার পাশাপাশি উঠে আসে পুরোনো দিনের স্মৃতিও। এর আগে অনুষ্ঠানের এক সিজনে সালমান নিজেকে কুমার বলে দাবি করেছিলেন।
পুরোনো প্রসঙ্গ নিয়ে আলোচনার একপর্যায়ে করণ জানান, আগের তুলনায় সালমান এখন অনেক বেশি শান্ত ও সংযত হয়েছেন। জবাবে অভিনেতা বলেন, এত দিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছেন, এবার নিজের সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘কফি উইথ করণ’-এর নবম সিজন ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে শুরু হওয়ার কথা। প্রথম পর্বে করণ জোহরের মুখোমুখি হওয়ার কথা সালমান খানের। একই সঙ্গে এ সিজনটিই অনুষ্ঠানটির শেষ সিজন হতে পারে বলেও জানা যাচ্ছে। এর মধ্য দিয়ে প্রায় ২২ বছরের যাত্রার ইতি ঘটতে পারে জনপ্রিয় এই চ্যাট শোর।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।