অপপ্রচারের বিরুদ্ধে রামপালে ইসলামিক ফাউন্ডেশন–এর জোরালো মানববন্ধন
আরিফ হাসান গজনবী, রামপাল (বাগেরহাট)
ইসলামিক ফাউন্ডেশন–এর রামপাল উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রচারিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রামপাল মডেল মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে রামপাল উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার আব্দুল হাদি আকুঞ্জি ও মডেল কেয়ারটেকার মোঃ আল মামুনের পক্ষে শিক্ষক ও কর্মচারীরা বক্তব্য দেন। বক্তারা দাবি করেন, সাধারণ কেয়ারটেকার শেখ বেলাল হোসেন, মোঃ জিয়াউর রহমান এবং কেন্দ্র শিক্ষিকা হাওয়া ইয়াসমিন বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা শুধু অপপ্রচারেই সীমাবদ্ধ থাকেননি; স্বাক্ষর জালিয়াতির মতো গুরুতর অনিয়মের আশ্রয় নিয়েছেন বলেও তারা দাবি করেন। এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবি জানানো হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, রামপাল উপজেলায় দায়িত্বপ্রাপ্ত মোট ৮১ জন শিক্ষকের মধ্যে ৭৫ জন মানববন্ধনে অংশ নেন। তাদের ভাষ্য, এটি কর্মকর্তাদের প্রতি শিক্ষকদের ব্যাপক সমর্থনের বহিঃপ্রকাশ।
বক্তারা বলেন, “ইসলামিক ফাউন্ডেশন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর সুনাম ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।” তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দ্রুত তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।













